মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের লিখিত সুপারিশমালা।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের লিখিত সুপারিশমালা।

  • October 11, 2026
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের লিখিত সুপারিশমালা।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ১১ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের ১৩ দফা লিখিত সুপারিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জাবারাং কল্যাণ সমিতির সহায়তায় আয়োজিত এক আলোচনা সভায় সুপারিশমালা তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী। 

গত ৯ জুন যুব ফোরামের প্রতিনিধিদল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ওষুধের প্রাপ্যতা, খাদ্য ব্যবস্থাপনা ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা পর্যবেক্ষণ করে। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রণীত সুপারিশে হাসপাতালের নিয়মিত পরিচ্ছন্নতা ও মেডিকেল বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা, ওষুধের মজুদের তথ্য প্রদর্শন, নিরাপদ পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অভিযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সনদ ও সেবার তালিকা হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় ফোরামের প্রতিনিধিরা চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, মাতৃ ও প্রসূতিসেবার মানোন্নয়ন এবং উপাত্তভিত্তিক মূল্যায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরিচ্ছন্নতা, জরুরি সেবা ও সেবাপ্রাপ্তি সহজ করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় জানানো হয়, গত ২৩ জুলাইয়ের সভায় গৃহীত চারটি সিদ্ধান্তের মধ্যে দুটি বাস্তবায়িত হয়েছে। বাকি সিদ্ধান্তগুলোর বাস্তবায়নেও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সুপারিশ বাস্তবায়নে অক্টোবর মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং অগ্রগতি পর্যবেক্ষণে যুব ফোরামের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। 

সভায় স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এবং জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধিসহ মোট ১০ জন অংশগ্রহণ করেন।

 

Citizen's Voice