

নেত্রকোণা, ০১ অক্টোবর ২০২৪:
নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাহবুবুর রহমান আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী, বাংলাদেশ হেলথ ওয়াচ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. স্বপন কুমার পাল, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ডা. কৃপা নাথ পাল, মেডিকেল অফিসার মা ও শিশু সদন, ডা. মুনতাকিম মাহমুদ সাদী ও ডা. রাজেশ কুমার দাশ, সহযোগী অধ্যাপক, নেত্রকোণা মেডিক্যাল কলেজ। সভায় হাসপাতালের ডাক্তার, নার্স, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, স্বাস্থ্যসেবা গ্রহীতা, ক্লিনার, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও উন্নয়নকর্মীসহ মোট ৬৮ জন অংশগ্রহণ করেন। সভার পরিচালনা করেন কোহিনূর বেগম, প্রোগ্রাম ম্যানেজার, স্বাবলম্বী উন্নয়ন সমিতি।
স্বাগত বক্তব্যে ডা. স্বপন কুমার পাল বলেন, ২০১৯ সাল থেকে নেত্রকোণা ও কেন্দুয়া উপজেলার কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেল্থ কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম গঠন করা হয়, যা স্বাস্থ্যসেবাদানকারী ও সেবা গ্রহণকারীর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করছে।
সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন নাছিমা খানম, ইনচার্জ পরিসংখ্যান বিভাগ। তিনি জানান, প্রতিদিন গড়ে আউটডোরে ১০০০ জন, ইনডোরে ২৫০ জন রোগী সেবা গ্রহণ করেন। জনবলের ঘাটতি, চক্ষু ডাক্তার ও রাত্রীকালীন সেবার সীমাবদ্ধতা রয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোর মান আগের তুলনায় উন্নত হলেও, ২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট জনবল দিয়ে সেবা পরিচালিত হচ্ছে।
সভায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় হাসপাতালের বিদ্যুৎ, জেনারেটর, খাবার ও পানি, ঔষধ সরবরাহ, চিকিৎসা সুবিধা, নার্স ও ডাক্তার উপস্থিতি, লাশ সংরক্ষণ ব্যবস্থা, রোগীদের ন্যায্য সেবা, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, ভ্রাম্যমাণ পরীক্ষণ এবং অন্যান্য সমস্যার বিষয়ে মতামত প্রদান করেন। উল্লেখযোগ্য বক্তারা ছিলেন স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্য, সাংবাদিক এবং হাসপাতালে ভর্তি রোগী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, রোগী ও সেবা প্রদানকারীর মধ্যে জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলা হলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের সকল অংশের সহযোগিতা প্রয়োজন। ডা. মোঃ মাহবুবুর রহমান আবু সাঈদ বলেন, সীমিত জনবল ও বাজেটের মধ্যে হাসপাতাল যতটা সম্ভব সেবা প্রদান করছে এবং সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেবে।
সভায় রোগী ও অংশগ্রহণকারীদের মতামত শোনা এবং সমস্যা চিহ্নিত করার মাধ্যমে স্বাস্থ্যসেবা মানোন্নয়নের পথ সুগম করার বিষয়ে একমত পোষণ করা হয়।
Citizen's Voice